সিলেটে পুলিশের ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেন তার স্বজন ও স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করে সেই আসামিকে আবার গ্রেফতার করে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে মহানগরের কুমাড়পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআরভুক্ত আসামি সুমন আহমদ নামের এক আসামিকে সোমবার রাত ১০টার দিকে কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বলেন- আসামি সুমনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কিছু লোক বাধা দেয়। তবে ওই আসামিকে গ্রেফতার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ।