স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারই ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী কাওসার আহমদ সিলেট মহানগর পুলিশের কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রবাসী কাওসার আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকা পৈতৃক ও খরিদা সম্পত্তি দেখভালের জন্য একজন কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার বড় ভাই রফিকুল ইসলাম ফেনু ওই সম্পত্তি বিক্রিতে বাধা সৃষ্টি করছেন এবং কেয়ারটেকারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজেদের ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে রফিকুল ইসলাম ফেনুর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে।