ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনে ম্যানচেস্টার সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মনসা মায়ের পূজা। বাংলা হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই পূজাকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও ধর্মীয় আবহ। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, মনসা দেবী হলেন শিবের কন্যা এবং তিনি সর্পদেবী রূপে পূজিত হন।
রবিবার (২৪ আগস্ট) ম্যানচেস্টার সিটির একটি মণ্ডবে এই পূজা অনুষ্ঠিত হয়।
দিনভর চলা এই পূজায় ভক্তরা অংশ নেন পুজো-অর্চনা, প্রদীপ জ্বালানো এবং প্রসাদ বিতরণের মাধ্যমে। পূজা মন্ডপে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের ভক্তরা পূজাস্থলে এসে দেবীর কৃপা প্রার্থনা করেন এবং আধ্যাত্মিক পরিবেশে নিজেদের সম্পৃক্ত করেন।
আয়োজকরা জানান, ‘এটি আমাদের প্রথম মনসা পূজা। আমরা কখনো ভাবিনি এত মানুষ আসবেন। ভক্তদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে পূজা আয়োজনের অনুপ্রেরণা দিচ্ছে।’
প্রবাসে থেকেও সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ স্থানীয় বাংলা সম্প্রদায়ের মধ্যে গভীর আবেগ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।